দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে দায়িত্ব পালন করা এক ভিডিও সহকারী রেফারির বিরুদ্ধে ওঠা বর্ণবাদী ইঙ্গিত প্রদর্শনের অভিযোগে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিফা। তদন্ত শেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ফিফার শৃঙ্খলা বিধি লঙ্ঘন করেছেন—এমন কোনো তথ্য তাদের হাতে আসেনি।
সোমবার এক বিবৃতিতে ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটি জানায়, ভিডিও সহকারী রেফারি শন ইভানসকে ঘিরে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তবে তদন্তে ফিফার শৃঙ্খলা বিধি ভঙ্গের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে বিশ্বকাপে ফিফার বৈষম্যবিরোধী পর্যবেক্ষক শন ইভানসকে দায়িত্ব থেকে সরানোর আহ্বান জানান। অভিযোগ ছিল, তিনি শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের সঙ্গে সম্পৃক্ত একটি হাতের ইঙ্গিতের মতো অঙ্গভঙ্গি করেছেন।
রোববার জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ম্যাচ শুরুর আগে সম্প্রচারিত দৃশ্যে ভিডিও পর্যালোচনা দলের সদস্যদের দেখানো হয়। তখন অস্ট্রেলিয়ার কর্মকর্তা শন ইভানসকে ডান হাত দিয়ে ‘ওকে’ চিহ্নের মতো একটি অঙ্গভঙ্গি করতে দেখা যায়।
যদিও ম্যাচটি হিউস্টনে অনুষ্ঠিত হয়েছিল, ভিডিও সহকারী রেফারিরা ডালাসে অবস্থিত বিশ্বকাপ সম্প্রচারকেন্দ্র থেকে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ ওঠার পর শন ইভানস এক বিবৃতিতে বলেন, অঙ্গভঙ্গিটি ইচ্ছাকৃত ছিল না এবং কোনো বার্তা, সংশ্লিষ্টতা, গোষ্ঠী বা বিশ্বাস প্রকাশের উদ্দেশ্যেও তিনি এটি করেননি।
তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি ছিল অনিচ্ছাকৃত ও অবচেতন একটি নড়াচড়া। সেই সময় আমি বুঝতেই পারিনি যে এমন কিছু করেছি।’
ইভানস আরও জানান, ম্যাচ চলাকালে ধারণ করা অন্য ছবিতেও দেখা গেছে, আঙুলের ফাঁকে কলম ধরে রাখার সময় তিনি একই ধরনের নড়াচড়া বারবার করেছেন।
তিনি বলেন, ‘ঘটনার পর যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তা আমার প্রকৃত পরিচয়কে তুলে ধরে না। আমি বুঝতে পারছি অঙ্গভঙ্গিটি কীভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এজন্য দুঃখিত। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, ইচ্ছাকৃতভাবে বা জেনে-বুঝে অভিযোগে উল্লেখ করা কোনো হাতের ইঙ্গিত আমি করিনি।’
/অ